জেলা প্রতিনিধি জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার কুটেরটেকি বাজারে প্রায় ২০ দিন অসুস্থ অবস্থায় কাটানোর পর মুদি দোকানের বারান্দায় তছিমন বেগম (৫১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তছিমন বেগম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪ নম্বর রাজনগর ইউনিয়নের তিনানী বড়ডুবি গ্রামের মৃত কছর আলীর মেয়ে। তাঁর স্বামী ইব্রাহিমও মারা গেছেন। তছিমন বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নিহতের পরিচয় সনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ৮ নম্বর বাঁশচড়া ইউনিয়নের পূর্ব বাঁশচড়া এলাকার কুটেরটেকি বাজারে জালাল উদ্দিনের মুদি দোকানের বারান্দায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, ওই নারী প্রায় ২০ দিন ধরে অসুস্থ অবস্থায় বাজার এলাকায় ছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। পরে পিবিআইয়ের সহায়তায় জাতীয় পরিচয়পত্রের তথ্য ও স্থানীয়ভাবে তদন্তের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
ওসি নাজমুস সাকিব আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




